নরসিংদীর মাধবদীতে পারিবারিক বিরোধের জেরে মাত্র দুই মাস বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে। গোপনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে। ভুক্তভোগী শিশুটি কাউসার মিয়া ও সায়েবা বেগম দম্পতির সন্তান।
শিশুটির পরিবার জানায়, জন্মের পর থেকেই শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কান্না করত। এতে শিশুটির মা সায়েবা বেগমের সন্দেহ হয়, তাঁর অনুপস্থিতিতে কেউ শিশুটিকে নির্যাতন করছে। সন্দেহের সত্যতা যাচাই করতে তিনি ঘরের ভেতরে গোপনে একটি মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিশুটির চাচি রত্না বেগম ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দিয়ে দ্রুত বেরিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটির কান্না শুনে মা ঘরে এসে ভিডিওটি দেখে ঘটনার বিষয়টি জানতে পারেন।
শিশুটির বাবা কাউসার মিয়া দাবি করেন, পারিবারিক কলহের জেরে তাঁর বড় ভাইয়ের স্ত্রী দীর্ঘদিন ধরে শিশুটিকে গোপনে নির্যাতন করছিলেন। ভিডিওর মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে শিশুটির পা ভাঙেনি বলে তিনি জানান। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ভাইরাল ভিডিওটি নজরে আসার পর তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শিশুটির পা ভাঙেনি। তবে পারিবারিক বিরোধের কারণে শিশুটির ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স